২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্রাথমিকের ফল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল ঘোষণা করা হবে সোমবার, যার অপেক্ষায় রয়েছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 09:10 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেবেন মন্ত্রী।

গত ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের হরতাল ও অবরোধের কারণে দুটি বিষয়ের পরীক্ষা পেছানোয় পরীক্ষা শেষ হয় ৬ ডিসেম্বর।

এবার প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষা দিয়েছে। ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৪৫৭ জন।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। আর জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৩৩ হাজার ১৪০ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে ফলাফল জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে।

ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল পাওয়া যাবে ফিরতি বার্তায়।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এই সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।