২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইকোনমিস্ট’কে আদালত অবমাননা থেকে অব্যাহতি

লন্ডনভিত্তিক সাময়িকী ‘দি ইকোনমিস্ট’কে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 01:19 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার এ আদেশ দেয়।

কথিত স্কাইপ কথোপকথন প্রকাশে হ্যাকিংয়ের সঙ্গে ইকোনোমিস্টের জড়িত থাকার  যথাযথভাবে প্রমাণ না করতে পারায় পত্রিকাটিকে অব্যাহতি দেয়া হয়।

তবে প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করা এবং এ বিষয়ে ওই বিচারককে টেলিফোনে প্রশ্ন করার ঘটনায় পাঁচটি ‌ পর্যবেক্ষণ দিয়েছে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের আদেশে দেয়া পর্যবেক্ষণগুলো হলো- প্রথমত,কোনো সাংবাদিক ট্রাইব্যুনালের কোনো সদস্যের সঙ্গে সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে পারবে না; দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের কোনো মামলা সম্পর্কে কোনো সাংবাদিক জানতে চাইলে আইনজীবীর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে; তৃতীয়ত,ট্রাইব্যুনালের সাধারণ কার্যক্রম সম্পর্কে জানার থাকলে সাংবাদিককে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করে জানতে পারবে;

চতুর্থত,অবৈধভাবে প্রাপ্ত কোনো তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ হওয়া উচিত না; এবং, পঞ্চম পর‌্যবেক্ষণটি হলো, ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম সম্পর্কে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিককে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করায় এবং এ বিষয়ে ওই বিচারককে টেলিফোনে প্রশ্ন করায় গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্টের বিরুদ্ধে রুল জারি করে ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ইকোনমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

তবে কথিত সেই কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের তখনকার প্রধান বিচারপতি নিজামুল হক।

ওই রুলের বিষয়ে গত ১৮ জুলাই ইকোনমিস্ট ও প্রসিকিউশনের আইনজীবীদের শুনানি শেষ হয়।

ওই দিন ইকোনমিস্টের পক্ষে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, বিচারকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারবে না- এমন কথা বাংলাদেশের কোনো আইনে নেই। সুতরাং ইকোনমিস্ট আদালত অবমাননা করেনি।

এর আগে গত ২৫ মার্চ আদালত অবমাননার বিষয়ে ইকোনমিস্টের পক্ষে লিখিত জবাব দেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এরপর গত ১৮ জুলাই এ অভিযোগে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়।

শুনানির পরে এ অভিযোগের বিষয়ে আদেশের জন্য গত ২৭ আগস্ট, ২৬ সেপ্টেম্বর, ৪ নভেম্বর ও ৮ ডিসেম্বর মোট চারবার তারিখ পিছিয়ে দেয় ট্রাইব্যুনাল।