নিন্দায় প্রেস ক্লাবের সাবেক-বর্তমান নেতারা
বহিরাগতদের হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের কয়েকজন সাবেক সভাপতি, যারা বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের সমর্থনে নির্বাচিত হয়েছিলেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, খোন্দকার মনিরুল আলম ও শওকত মাহমুদ এক বিবৃতিতে বলেন, প্রেস ক্লাবে এ ধরনের নগ্ন হামলার নিন্দা জানানোর ভাষা তাদের নেই।
“আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তা ক্লাব চত্বরে উপস্থিত থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং মিছিল করে বহিরাগতদের উৎসাহিত করেছেন। এ ঘটনা নিন্দনীয়। আমরা প্রেস ক্লাবের হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।”
পৃথক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদও প্রেস ক্লাবে হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
কর্তব্য কাজে অবহেলা ও নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
