বিভিন্ন জেলায় আটক ১৯৫
“নাশকতার আশঙ্কায়’ দেশের বিভিন্ন থেকে শনিবার রাত থেকে রোববার পর্ন্ত প্রায় দুশ’ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিরোধী জোটের ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচিকে সামনে রেখে গত কয়েকেদিন ধরে বিভিন্ন স্থানে ধরপাকড় চলেছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচিতে নাশকতা চালাতে পারে আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পাশাপাশি নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে হরতাল-অবরোধের পর রোববার সবাইকে ঢাকায় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম
শনিবার রাতে লোহাগাড়া উপজেলায় ১৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরম্বা ও কলাউজান থেকে গ্রেপ্তারদের মধ্যে হেলাল উদ্দিন, মিজানুর রহমান ও আবুল হোসেন নামে শিবিরের তিনজন সাথীর পরিচয় জানা গেছে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া গচ্ছে।
দিনাজপুর
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপি ও জামায়াতের রয়েছেন ১৭ জন।
জেলার পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ রবিউল ইসলাম জানান, শনিবার বিকাল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে নাশকতা চালানো এবং নাশকতার প্রস্তুতির অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
নোয়াখালী
নাশকতার পরিকল্পনা ও সহিংসতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সিরাজগঞ্জ
বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, আটকদের বেলকুচি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেত্রকোনা
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নেত্রকোনা পৌর এলাকার বারহাট্টা রোড থেকে পাঁচ জনকে আটক করেছে পুরিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি জানান, নাশকতা এড়াতে তাদেরকে আটক করা হয়েছে।
বরগুনা
বরগুনা ও আমতলীতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বরগুনা থানার ওসি আজম খান ফারুকী জানান, রোববার সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে বরগুনা জেলা বিএনপির সদস্য ফারুক সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আমতলী থানার ওসি শামসুল হক জানান, শনিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মমিন আকনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার আশংকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
ফেনী
শনিবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার জানান, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জন ও দাগনভূঞা থেকে ৬ জনকে আটক করেছে।
যশোর
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন জানান, যশোরের বিভিন্ন উপজেলা থেকে এদের আটক করা হয়েছে।
নীলফামারী
নীলফামারীতে এক মাদ্রাসাসুপারসহ তিন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নীলফামারী ও জলঢাকায় এ অভিযান চালানো হয় বলে সদর থানার ওসি শাহজাহান পাশা জানান।
পিরোজপুর
পিরোজপুর জেলা বিএনপির দুই সিনিয়র সহ-সভাপতি সাবেক পিপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন ও এলিজা জামানসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আবুল কালামকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং এলিজা জামানকে পুরানা পল্টন থেকে আটক করা হয়।
অপর ১২ জনকে আটক করা হয় পিরোজপুর থেকে।
সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লাসহ অন্যান্য থানার কর্মকর্তারা এ আটকের খবর নিশ্চিত করেছেন।
নরসিংদী
নরসিংদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার মাধবদী থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
