২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে থাকছেন আরো ২ প্রার্থী

দশম সংসদ নির্বাচনের ভোটের এক সপ্তাহ আগে আদালতের নির্দেশে প্রতিদ্বন্দ্বীদের তালিকায় যোগ হয়েছেন আরো দুই প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 06:56 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তারা হলেন- নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিক ও চট্টগ্রাম-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান।

রোববার নির্বাচন কমিশনের সভায় তাদের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কমিশন সচিবালয়ের উপ সচিব বাসুদেব রায়।

সভার পর তিনি সাংবাদিকদের জানান, জাফর ইকবাল সিদ্দিক ও মাহফুজুর রহমানকে প্রার্থী হিসেবে যোগ করার জন্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বাদ পড়া কয়েকজন প্রার্থী আদালতের শরণাপন্ন হন। তাদের মধ্যে এই দুই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কুমিল্লা-৮ ও চট্টগ্রাম-৩ আসনের আরো দুই প্রার্থীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।

৫ জানুয়ারি ভোটে ৩০০ আসনে ৫৪০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এর মধ্যে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ১৪৬ আসনে ৩৮৬ জন লড়বে।

কমিশনের কর্মকর্তারা জানান, নীলফামারী-১ আসনে ৩ লাখ ৩২ হাজার ৭৮৫ জন ও চট্টগ্রাম-৩ আসনে ১ লাখ ৭৬ হাজার ৮৭২ জন ভোটার রয়েছে। ইতোমধ্যে ছাপানো ব্যালট পেপার পুড়িয়ে নতুন করে ভোটার সংখ্যার সমপরিমাণ ছাপতে হবে।