কুমিল্লা বোর্ডে শীর্ষ দশে ফেনীর তিন স্কুল
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে শীর্ষস্থান দখলকারী দশ প্রতিষ্ঠানের তিনটিই ফেনীর।
রোববার জেএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবস্থান সপ্তম ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম স্থান অর্জন করেছে।
এর মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।
ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সকল ক্যাডেটের ঐকান্তিক প্রচেষ্ঠা, কঠোর পরিশ্রম, কলেজের কর্মকর্তা, অনুষদ সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে শিক্ষাদান এবং অভিভাবকদের একান্ত উৎসাহ ও অনুপ্রেরণায় এ ফলাফল সম্ভব হয়েছে।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম জানান, তাদের বিদ্যালয় থেকে এবার ২৫৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন। পাশের হার শতভাগ।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, তাদের বিদ্যালয় থেকে ১৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। পাশের হার শতভাগ।
