ঢাকায় ঢোকার মুখে ব্যাপক তল্লাশি
বিরোধী জোটের ঢাকা অভিযাত্রা কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীর প্রধান প্রবেশ মুখগুলোতে ব্যাপক তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার হয়ে ঢাকায় ঢোকার পথে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের বিভিন্ন যানবাহনের পাশাপাশি পথচারীদের তল্লাশি চালাতে দেখা যায়।
এ সময় বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। অবশ্য জিজ্ঞাসাবাদের পর কয়েকজনকে কিছুক্ষণ পর ছেড়েও দিতে দেখা যায়।
এদিকে উত্তরা ও কাঁচপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায়। তারা মহাসড়কের পাশে কোনো ধরনের জনসমাগম না করতে মাইকে সতর্কতা প্রচার করেন।
গাজীপুর থেকে ঢাকায় প্রবেশের পথে উত্তরায় টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ফায়জুল সিদ্দিকী জানান।
তিনি জানান, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে ধরে আটকে রাখা হয়। জিজ্ঞাসাবাদের পর কয়েকজনকে ছেড়ে দিতে দেখা যায়।
উত্তরা থানার ওসি সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদের পর সাধারণ যাত্রী মনে হলে ছেড়ে দেয়া হবে। আর বিরোধী দলের ঢাকায় অভিযাত্রার কর্মী প্রমাণিত হলে গ্রেপ্তার দেখানো হবে।”
এদিকে একই এলাকায় বালির বস্তা ও তাবু দিয়ে অস্থায়ী ক্যাম্প বসায় সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর দুটি টহল জিপ থেকেও নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সতর্ক করে মাইকিং করতে দেখা যায়।
জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর ঘোষণায় বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণমূলক কাজে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে- প্রধান সড়কের আশপাশে যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না এবং কোনো রকম সমাবেশ বা মিছিল করার চেষ্টা করবেন না। আপনাদের সতর্ক করা হচ্ছে।”
একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি দেখা যায় নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশের পথেও। সেখানেও সেনাবাহিনী মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট, মুগড়াপাড়া, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায়, কাঞ্চন এলাকার সুলতানা কামাল সেতু এলাকায় একই ধরনের তল্লাশি চালানো হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু বিএনপির ঢাকা অভিযাত্রার অনুমতি নেই, তাই সেখানে অংশ নেয়া বেআইনি। কেউ যাওয়ার চেষ্টা করলে সেটা ফৌজদারি অপরাধ হবে।
তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন।
বিরোধী দলীয় জোটের কর্মী সমর্থকদের সমাবেশে আসতে বাধা দিতে সাভারে পুলিশের সঙ্গে অবস্থান নেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
যৌথ চেকপোস্ট বসিয়ে লাঠিহাতে চালায় তল্লাশি। পথে পথে প্রতিবন্ধকতা তৈরি করে ঘুরিয়ে দেয়া হয় ঢাকামুখী সব যানবাহন।
তুরাগ ও বংশী নদীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৌ টহল জোরদার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রোববার ভোর থেকেই নবীনগর বাসস্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে এবং আশুলিয়ার বাইপাইল, আশুলিয়াবাজারসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে রাজধানীর প্রবেশ পথগুলোতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন।
বেলা ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার নেতৃত্বে লাঠি মিছিল করে আওয়ামী লীগ, হকার্স লীগের স্থানীয় নেতারা।
এ সময় মিছিলে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এনামুর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরীসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকামুখী পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের যান চলাচলে বাধা দেন তারা।
হেমায়েতপুর ও রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে যানবাহনে তল্লাশি চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসব পয়েন্টে যানবাহন থেকে সাধারণ মানুষকে নামিয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনবাজারে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করা হচ্ছে। এছাড়া নাশকতা রোধে পুলিশের জলকামানের পাশাপাশি সাজোয়া যান মহাসড়কে টহলে রয়েছে।
ঢাকার ঢোকার মুখে আমিনবাজার ব্রিজের কাছে চেকপোস্ট বসানো হয়েছে। বাস, ট্রাক, রিকশা ও অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
ব্রিজের এক পাশে পুলিশ অপর পাশে র্যাব ও পুলিশের যৌথ তল্লাশি চলে।
মিরপুর বিভাগের এসি রাজিবুল ইসলাম জানান, সকাল থেকে তারা যেকোনো ধরনের ভীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে গাবতলীর দারুস সালাম মোড়ে যুবলীগ একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করে পাঁচ শতাধিক নেতাকর্মী অবস্থান নেন।
তারাও পথচারী ও সাধারণ যাত্রীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে আমাদের প্রতিনিধি আশিক হোসেন ও গোলাম মুজতবা ধ্রুব জানিয়েছেন।
দারুস সালামে যুবলীগের পাহারায় লাঠি হাতে মিছিল নিয়ে আরো নেতাকর্মীকে যোগ দিতে দেখা গেছে।
এছাড়া গাবতলী বাস টার্মিনালের পাশে আওয়ামী লীগের একটি মঞ্চ থেকে দেশাত্ববোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হয়। সেখানেও প্রায় তিন/চারশ’ নেতাকর্মী অবস্থান নেন।
রাজধানীর টেকনিক্যাল মোড়েও পুলিশের পাশাপাশি সরকার সমর্থকদের রাস্তায় পাহারা বসাতে দেখা যায়।
কল্যাণপুরে ওভার ব্রিজের পাশের একটি সিএনজি পাম্পে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বিরোধী দলের ঢাকা অভিমুখে অভিযাত্রার আগের রাতে মিরপুর এলাকায় বিভিন্ন পয়েন্ট ছোট ছোট মঞ্চ বসিয়ে অবস্থান নেন স্থানীয় সাংসদ আসলমুল হকের কর্মীরা। মঞ্চগুলো থেকে রাতভর বাউলগান, দেশাত্ববোধক গান প্রচার করা হয়।
