২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা গাড়িতে, বের হওয়ার চেষ্টা

সমাবেশ করতে নয়া পল্টনে যাওয়ার জন্য গুলশানে নিজের বাড়ির প্রাঙ্গণে গাড়িতে উঠে অপেক্ষা করছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 03:03 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তবে পুরো এক প্লাটুন পুলিশ ও র‌্যাব বাড়ির ফটকে অবস্থান নিয়ে থাকায় তিনি বের হতে পারছেন না বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী তানভীর আহমেদ জানান।

গুলশানের ৭৯ নম্বর সড়কে ‘ফিরোজা’ নামের ওই বাড়ির উল্টো দিকে রাস্তা আগলে থাকা একটি বালির ট্রাকের ওপরে রয়েছেন তানভীর।

তিনি জানান, বাড়ির ফটক খোলা থাকলেও বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেছেন। ফটকের ভেতরে সাদা রঙের গাড়ির সামনের আসনে বসে আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

গাড়ির জানালা দিয়ে তাকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে বলে জানান তানভীর।

খালেদা জিয়া বাড়ি থেকে বেরিয়ে

র‌্যাব-১ এর কমান্ডার কিসমত হায়াৎ সহ র‌্যাব বেশ কয়েকজন র‌্যাব সদস্যও রয়েছেন ফটকের সামনে।

খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ঢোকার অনুমতি রয়েছে। কিন্তু পুলিশ এমনভাবে দাঁড়িয়ে আছে যে আমি যেতেই পারছি না।”

বাড়ির সামনে এক প্লাটুন ছাড়াও রাস্তার ওপর রয়েছে এ প্লাটুন নারী পুলিশ। আর সড়কের প্রবেশপথসহ পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে আরো ছয় প্লাটুন পুলিশ। বাড়ির সামনে একটি জলকামানও রাখা হয়েছে।

বাড়ির সামনে দুটো ও রাস্তায় গলির মুখে তিনটি বালিবোঝাই ট্রাক আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য গুলশানের ওসি রফিকুর ইসলাম বলছেন, নষ্ট হয়ে ওভাবে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো।

খালেদা জিয়ার প্রটোকলের পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করলেও সকাল থেকেই তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রোববার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে হাফিজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যে কোনো সময় এতে যোগ দেবেন।

খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।