২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটক ৪২, বিস্ফোরক উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ড উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নাশকতায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর ৩৪ জনসহ ৪২ জনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 09:02 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযানে গান পাউডার, সীসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর ২৬ জনকে ধরা হয়েছে।

উপজেলার চূড়ামনি এলাকা থেকে ৪০০ গ্রাম গান পাউডার, গাছ কাটার করাত, দুই কেজি সীসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বিরোধী দলের হরতাল-অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে মহাসড়কে যান চলাচলে বাধা দিতে দেখা গেছে।

সীতাকুণ্ড থানার এএসআই ফারুক আহমেদ জানান, অভিযানে উপজেলার এয়াকুবনগর থেকে জামায়াত-শিবিরের আট জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, “এয়াকুবনগরে একটি পাহাড়ে আস্তানা করেছিল জামায়াত-শিবির। সেখানে অভিযান চালিয়ে ওই আট জনকে ধরা হয়।”

এছাড়া উপজেলার অন্যান্য স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়।