২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় বিএফইউজে প্রতিনিধিদল

গুলশানে ‘অবরুদ্ধ’ বাসভবনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 11:29 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রাত ১০টার দিকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি পুলিশের বেষ্টনী অতিক্রম করে বাসায় প্রবেশ করেন।

রাত ৮টা থেকে বিরোধী দলীয় নেতার বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

সাংবাদিক প্রতিনিধি দলের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুউদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের খোরশেদ আলম, বাসির জামাল, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, বিএফইউজের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজি, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এদিকে হাইকোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে পুলিশি বেষ্টনী দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় নিন্দা জানান। তার স্বাভাবিক চলাচলের ওপর সবধরণে প্রতিবন্ধকতা তুলে নেয়ার দাবিও জানান তিনি।

বারিধারায় নিজের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিরোধী দলীয় নেতাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা ও তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রটোকল তুলে নেয়ার ঘটনার নিন্দা জানান।