বিশ্বকাপ না হলে দায়ী হবে খালেদা: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে তার দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে।
বুধবার দুপুরে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলা দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
মুহিত বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসি চলে গেলেও কিছুই করার থাকবে না। এর জন্য সমস্ত কৃতিত্ব খালেদা জিয়ার। দোষ হোক, কৃতিত্ব হোক, সব খালেদা জিয়ার।”
আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে নানা শঙ্কার কথা বিদেশি সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে।
নির্বাচন স্থগিত এবং নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধীদলীয় নেতা মাঠ থেকে ক্রিকেটকে ‘বিতাড়নের’ উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
খেলা দেখতে এসে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি দেখে মুহিত ২০১৫ সালের মধ্যে এর গ্যালারিকে দোতলা করার আশ্বাস দেন।
