অবরোধকারীর হামলায় আহত চালকের মৃত্যু
মাগুরায় অবরোধে পিকেটারদের ইটের আঘাতে আহত এক পিকআপ চালক তিনদিন পর মারা গেছেন।
গত শনিবার রাতে আহত হন চালক নজরুল ইসলাম (৩৫)। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নজরুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আকবর আলির ছেলে।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শনিবার রাতে মুরগি নিয়ে তিনি ঝিনাইদহ থেকে ঢাকা যাচ্ছিলেন। মাগুরার পাড়নান্দুয়ালী এলাকায় অবরোধকারীরা তার পিকআপে হামলা চালায়।
এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সবশেষে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মাগুরা থানার ওসি অবুল হাশেম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তার লাশ ঢাকা থেকে গ্রামে আনার পর দুপুরে দাফন করা হয়েছে।
