২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার থানা মোড়ে এ সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাংচুর করা হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ সময় ঘটনাস্থল থেকে রৌমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুকে আটক করা হয়।

স্থানীয় সাংসদ জাকির হোসেন জানান, সকালে তার লোকজন নির্বাচনী প্রচারণায় দাঁতভাঙ্গা ইউনিয়নে যাচ্ছিলেন।

সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর রৌমারী থানা মোড়ে পৌঁছলে অবরোধকারীরা হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করে।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা  তার উপর হামলা চালালে সংঘর্ষ বাধে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহেদ হোসেন সোনা জানান, অবরোধের সমর্থনে পিকেটিং চলাকালে সাংসদ জাকির হোসেন নিজের পিস্তল উঁচিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুকে শার্টের কলার ধরে প্রকাশ্যে লাঞ্ছিত করে পুলিশের হাতে সোপর্দ করেন।

এতে দলের কর্মীরা ক্ষিপ্ত হলে সংঘর্ষ বাধে।

পরে আওয়ামী লীগের লোকজন উপজেলা বিএনপির অফিস ভাংচুর করে বলে তিনি অভিযোগ করেন। 

রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।