পেট্রোল বোমায় দুই চালক দগ্ধ
বিরোধী জোটের অবরোধের মধ্যে সোমবার রাতে ঢাকা ও গাজীপুরে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন দুই ট্রাকচালক।
রাজধানীর ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টার দিকে নয়াবাজার চৌধুরী মার্কেটের সামনে। একই সময়ে গাজীপুরের ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেইট সংলগ্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
আহত দুই চালক কামরুল ইসলাম এবং নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় অগ্নিদগ্ধ কামরুলের শরীরের ৩৪ শতাংশ পুড়ে গেছে। গাজীপুরের ঘটনায় আহত নজরুলের মুখমণ্ডল পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামরুল ঘোড়াশাল থেকে ট্রাকভর্তি কাগজ নিয়ে নয়াবাজার আহমেদ ট্রেডিংয়ে এসেছিলেন।
“দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা ট্রাকে নিক্ষেপ করলে তা সামনে থাকা কামরুলের পাশে পড়ে। এতে দগ্ধ হন তিনি।”
আহমেদ ট্রেডিংয়ের মালিক হোসাইন আহমেদ প্রথমে কামরুলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। কামরুলের শরীরের ৩৪ শতাংশ পুড়েছে বলে চিকিৎসক জানান।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আনন্দ বাজার এলাকায় তিনজন এবং রাত পৌনে ১১টার দিকে সূত্রাপুর থানার কাছে একজন বোমায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নেন।
কালিয়াকৈরে নজরুলের চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। চালক অগ্নিদগ্ধ হওয়ায় ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে গেলে হেলপারও আহত হন।
অগ্নিদগ্ধ ট্রাকচালক নজরুল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মালতি গ্রামের ফজর আলীর ছেলে। তার সহকারী আহত মো. নূরুজ্জামান ওই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তাকে আনসার একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ জিন্নাহ সাংবাদিকদের বলেন, অবরোধকারী দুর্বৃত্তরা ওই ট্রাকের সামনে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে চালক নজরুল নিয়ন্ত্রণ হারালে সড়কের দক্ষিণ পাশে উল্টে পড়ে যায় ট্রাকটি। ওই সময় আগুনে চালকের মুখমণ্ডল পুড়ে যায়।
চালভর্তি ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আনসার একাডেমির পাশে এর ওপর বোমা ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পেট্রোল বোমার আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায় এবং আগুন ধরার পাশাপাশি ট্রাকটি উল্টে যায়।
স্থানীয়রা পানি ঢেলে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন নজরুল ও নূরুজ্জামানকে আনসার একাডেমির হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নজরুলকে ঢাকায় পাঠানো হয়।
আনসার একাডেমি হাসপাতালের কর্মরত চিকিৎসক মো. মাসুদ আলম সাংবাদিকদের বলেন, নজরুলের মুখমণ্ডলসহ গলার কিছু অংশ পুড়ে গেছে।
বিরোধী দলের অবরোধে গত এক মাসে গাড়িতে ছোড়া পেট্রোল বোমায় আহত হন বহু, যাদের কয়েকজন মারাও গেছেন।
