খিলগাঁওয়ে বালিকার লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থেকে ১০ বছর বয়সী এক বালিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেয়েটির নাম মোসাম্মত অন্তরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিপাহীবাগ মসজিদের কাছে একটি টিনশেড বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে খিলগাঁও থানার উপ পরিদর্শক রাসেল কবির জানান।
যে বাসায় অন্তরার লাশ পাওয়া গেছে সেখানে তার খালা ফাতেমা বেগম ও খালু আনোয়ার হোসেন থাকেন। আনোয়ার হোসেন পেশায় একজন গার্মেন্টকর্মী।
অন্তরার বাবা আলী হোসেন একজন সিএনজি চালক। পাঁচ বছর আগে অন্তরার মা কুলসুম বেগমের সঙ্গে আলী হোসেনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে অন্তরা সিপাহীবাগে তার খালার কাছেই থাকত।
রাসেল কবির বলেন, “স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আমরা সিপাহীবাগ থেকে তার লাশ উদ্ধার করি। এ সময় মেয়েটির নাক দিয়ে রক্ত ঝরছিল।”
খিলগাঁ পুলিশের সহকারী কমিশনার নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমরা কাউকে আটক করতে পারিনি। মৃতের শরীরে কিছু আলামত পাওয়া গেছে, যা সন্দেহজনক। তবে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।”
খবর পেয়ে অন্তরার বাবা আলী হোসেন ঘটনাস্থলে গেলেও মেয়ের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দিতে পারেননি তিনি।
