২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পা হাতবোমায় আহত

বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসুর ওপর হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তিনি ও তার রিকশাচালক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট ও বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভির রুসমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিকশা চালক আসাদ মিয়ার (৫৫) পাসহ শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টার লেগেছে। বাপ্পাদিত্যও পায়ে আঘাত পেয়েছে।

তানভীর জানান, সন্ধ্যায় রিকশায় করে শাহবাগে আসছিলেন বাপ্পা। পথে আজিজ সুপার মার্কেটের সামনে তার রিকশা লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলে এসে তার রিকশা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ সময় দুই পথচারীও আহত হন।

এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন তিনি।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংগঠিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও মনে করেন, জামায়াত-শিবিরই এ হামলা চালিয়েছে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটিকে নিষিদ্ধের দাবিও জানিয়ে আসছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বাপ্পাকে দেখতে শনিবার রাত ৮টার দিকে গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে হাসপাতালে যান ইমরান এইচ সরকার।

এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চ থেকে পাকিস্তানি পণ্য বর্জনের যে ডাক দেয়া হয়েছে তার পক্ষে বিকালে এলিফেন্ট রোড ও আশপাশের এলাকায় প্রচার চালান বাপ্পা। ওই প্রচার শেষে শাহবাগে ফেরার পথেই তার ওপর হামলা হয়।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রতিবাদে দেশটির সব ধরনের পণ্য বর্জনের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর রুসমত জানান, বাপ্পা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিকশায় করে শাহবাগে আসছিলেন। তারা আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে রিকশার ওপর দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়।

এতে বাপ্পার পায়ে বোমার স্প্লিন্টার লাগে। তবে রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

বাপ্পাকে দেখতে হাসপাতালে ছুটে যান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঞ্চের পক্ষ থেকে পাকিস্তানি পণ্য বর্জনের যে ডাক দেয়া হয়েছে তার পক্ষে বিকালে এলিফ্যান্ট রোড ও আশপাশের এলাকায় প্রচারণা চালান বাপ্পাদিত্য।

ওই প্রচারণা শেষে শাহবাগে ফেরার পথে তার ওপর এ হামলা হয়েছে।

“জামায়াত-শিবির এ হামলা চালিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি,” বলেন ইমরান।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রতিবাদে দেশটির সব ধরনের পণ্য বর্জনের ডাক দিয়েছে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ।

পুরনো খবর:

বিজিবি সদরদপ্তরের কাছে হাতবোমা বিস্ফোরণ