বিজিবি সদরদপ্তরের কাছে হাতবোমা বিস্ফোরণ
বিরোধী দলের পঞ্চম দফা অবরোধের প্রখম দিন রাজধানীতে বিজিবি সদরদপ্তরের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এছাড়া পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি সদরদপ্তরের ফটক সংলগ্ন সীমান্ত স্কয়ারের মূল ফটকের পাশে পরপর পাঁচটি হাতবোমা ছুড়ে মারা হয় বলে সীমান্ত স্কয়ারের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল আজিজুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর মধ্যে তিনটি বোমা বিস্ফোরিত হলেও দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।”
হাতবোমার বিস্ফোরণে হুমায়রা নামে একজন পথচারী আহত হন বলে জানান তিনি।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সন্ধ্যা পৌনে ৮টার দিকে কাওরান বাজারের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
