২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ছিনতাইকারীর হাতে মোটরসাইকেল চালক খুন

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রী বেশে মোটরসাইকেলে উঠে চালককে খুন করেছে ছিনতাইকারীরা। তবে, এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখেই পালাতে হয়েছে তাদের। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক জানান, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার কহিত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন সরকার (২২) উপজেলার বারুহাস ইউনিয়নের বিনতপুর গ্রামের নীরেন সরকারের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতো। 

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর দুই যাত্রীকে নিয়ে বের হন নয়ন। পথে কহিত এলাকায় তারা নেমে নয়নকে শ্বাসরোধে হত্যা করে এবং মটর সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু স্থানীয়রা দ্রুত টের পেলে তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে আধা কিলোমিটার দূরে এলাকার ‘কহিত খেলার মাঠে’ মটর সাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় নিহতের বোনের স্বামী মধুসদন সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। তবে, শনিবার বেলা ১২ টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।