পাকিস্তানি পতাকা পুড়িয়ে প্রতিবাদ
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত কাদের মোল্লার পক্ষে পাকিস্তান পার্লামেন্টে রেজুলেশন নেয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় পাকিস্তানের পতাকায় আগুন দেয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ হয়েছে।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া গণজাগরণ মঞ্চের উদ্যোগে এই প্রতিবাদ জানানো হয়।
মঞ্চের কর্মসূচি থেকে পাকিস্তানের মদদে সহিংসতায় লিপ্ত জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
একই দাবিতে বরিশালে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
বুধবার বিকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেখানে সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীর ফাঁসির বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হওয়ার ঘটনায় আরো একবার প্রমাণ হলো জামায়াতে ইসলামী পাকিস্তানি দোসর।
তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মেনে নিতে পারেনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
