পাকিস্তানের পতাকায় আগুন চট্টগ্রামেও
সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে ৪২ বছর আগে যে মাসে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল বাংলাদেশ, যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার রায় নিয়ে অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর’ প্রতিবাদে সেই ডিসেম্বরেই সে দেশের পতাকায় অগ্নিসংযোগ করেছে জনতা।
গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে পাকিস্তানে জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়ে আসছিল। তবে গত সোমবার তা পাকিস্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি পায় পার্লামেন্টে প্রস্তাবের মধ্য দিয়ে।
‘এক পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তান জাতীয় পরিষদে ওই প্রস্তাব প্রহণের পর মঙ্গলবার বাংলাদেশে নিন্দা প্রতিবাদের ঝড় বয়ে যায়।
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে এই ঘটনায় কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেও বিভিন্ন অঙ্গন থেকে ক্ষোভ প্রকাশ চলছে।
বুধবার ঢাকায় গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস অভিমুখে মিছিলের মধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাকিস্তানবিরোধী বিক্ষোভ হয়েছে, ক্ষোভ থেকে পোড়ানো হয়েছে চাঁদ-তারা খচিত পাকিস্তানের জাতীয় পতাকাও।
সেইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ও দেশটির রাজনীতিক নেতা ইমরান খানের কুশপুতুলেও পোড়ানো হয়েছে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘জেগে ওঠো বাংলাদেশ’ ব্যানারে নাগরিক সমাবেশে বক্তারা বাংলাদেশে যুদ্ধাপরাধীর ফাঁসির কার্যকর নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক অবস্থানের নিন্দা জানান।
তারা বলেন, এর মধ্য দিয়ে একটি স্বাধীন দেশের কাজে হস্তক্ষেপ করে পাকিস্তান কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে।
সমাবেশ থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনেতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ, শ্রমিক নেতা তপন দত্ত সমাবেশে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন সেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাংবাদিক হাসান ফেরদৌস, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদও বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দুপুরে শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে।
পতাকা পোড়ানোর সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, দপ্তর সম্পাদক মো. জালাল আহমেদ, প্রচার সম্পাদক সৌমেন পালিত।
ইরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।”
বগুড়াসহ বিভিন্ন জেলায় পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ইমরান খানের কুশপুতুল পোড়ানো হয়েছে জামালপুরে।
হত্যা-ধর্ষণে দণ্ডিত জামায়াত নেতা কাদের মোল্লা নির্দোষ ছিলেন বলে দাবি করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান।
