২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খানের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে নির্দোষ দাবি করায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের কুশপুতুল পুড়িয়েছে জামালপুর গণজাগরণ মঞ্চ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাসের প্রতিবাদে বুধবার দুপুরে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিল শেষে শহরের দয়াময়ী চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ইমরান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

জেলা গণজাগরণ মঞ্চের যুগ্ম আহবায়ক জামাল পাশা, সংগঠক সৈয়দ তানভীর আহম্মেদ ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ আহম্মেদ খান মানিক সমাবেশে বক্তব্য দেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলাতে পাকিস্তানকে হুঁশিয়ার করেন বক্তারা।

একাত্তরে হত্যা-ধর্ষণে দোষী সাব্যস্ত কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান জামায়াতে ইসলামীর বিক্ষোভে সুর মিলিয়ে তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খানও দাবি করেন, মোল্লা নির্দোষ ছিলেন। সেইসঙ্গে পাকিস্তান পার্লামেন্ট একটি প্রস্তাবও পাস করে।

মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান পার্লামেন্টের পদক্ষেপকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর শামিল’ বিবেচনা করে মঙ্গলবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানায় সরকার।

এছাড়া বুধবার বিকালে ঢাকায় পাকিস্তানি হাইকমিশন অভিমুখে মিছিল করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ।