২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বৈঠকে জাপার আনিসুল

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দিলেও রোববার মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে অংশ নিয়েছেন দলটির নেতা আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠকে ঢুকতে দেখা যায় পানিসম্পদমন্ত্রী আনিসুলকে।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, লতিফ সিদ্দিকী, রাশেদ খান মেনন, শামসুল হক টুকু ও কামরুল ইসলাম বৈঠকে যোগ দেন।

গত মাসে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন মন্ত্রিসভায় যোগ দিলেও এরপর নির্বাচনকালীন সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন এরশাদ।

এরপর গত সপ্তাহে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আনিসুল ইসলামসহ জাতীয় পার্টির কোনো মন্ত্রীকে অংশ নিতে দেখা যায়নি।

এর মধ্যে নির্বাচন নিয়ে এরশাদের দলের মতদ্বন্দ্বের খবরের মধ্যে সচিবালয়ে বৈঠকে গেলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল। তবে জাতীয় পার্টির আর কোনো নেতাকে এই বৈঠকে দেখা যায়নি।

এর মধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হতে যাচ্ছেন আনিসুল। রওশন এরশাদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির মোট ছয়জন নেতা রয়েছেন। অন্যরা হলেন রওশন এরশাদ, জি এম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম।এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে রয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নির্দেশ মেনে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সব সদস্য পদত্যাগ করেছেন এবং তা ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এরশাদের পক্ষ থেকে বলা হলেও এ বিষয়ে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার র‌্যাব পাহারায় সিএমএইচে ভর্তি হন এরশাদ। তাকে আটক করা হয়েছে বলে দলের একাংশ দাবি করেছে।

এরশাদের ‘অসুস্থ’ হওয়ার আগে রওশন এরশাদ, আনিসুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলু গণভবনে বৈঠক করেছেন। আওয়ামী লীগের নেতারা এরপরও রওশনের বাড়িতে গিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। 

পুরনো খবর:

পানিসম্পদ মন্ত্রীর বাড়িতে হাতবোমা হামলা
‘দালাল’ স্লোগানের মধ্যে এরশাদের বাড়িতে আনিসুল
রওশনের সঙ্গে তোফায়েল-রিজভীর বৈঠক
‘জোর করে’ এমপি বানানো হচ্ছে এরশাদকে