২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দালাল’ স্লোগানের মধ্যে এরশাদের বাড়িতে আনিসুল

বাইরে কর্মীদের ‘দালাল-দালাল’ স্লোগানের মধ্যে বারিধারায় এরশাদের বাড়িতে গেলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:45 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তিনি বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে গেলে সেখানে অপেক্ষমাণ নেতাকর্মীদের তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, তিনিসহ নির্বাচনকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া দলের চার নেতা মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র এরশাদের কাছে জমা দিয়েছেন।বাকিরাও জমা দিতে আসছেন।

এরপর এরশাদের সঙ্গে দেখা করতে যান আনিসুল ইসলাম। কিন্তু গাড়ি বাসার সামনে পৌঁছলেই জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

এসময় নেতাকর্মীদের ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যেই ভিড় ঢেলে ভেতরে চলে যান তিনি।

এরশাদের বাসা থেকে প্রায় একঘণ্টা পর বেরিয়ে আসার সময় আবারও নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন আনিসুল ইসলাম।

এসময় সাংবাদিকরা দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না- তা জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছুই বলব না, আমার কিছু বলার নেই।”

এসময় নেতাকর্মীরা তার উদ্দেশে বলতে থাকে, “কী আলোচনা হল, তা আমাদের বলতে হবে।” এক পর্যায়ে তারা তাকে একরকম অবরুদ্ধ করেই ফেলেন।

তখন ভেতর থেকে এরশাদের একান্ত সচিব খালেদ আক্তারসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এসে তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দিলে তিনি চলে যান।

এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর মঙ্গলবার গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন আনিসুল ইসলাম।

এই ঘটনার জন্য ‘দুঃখ’ পেয়েছেন জানিয়ে এরশাদ পরে সাংবাদিকদের বলেন, “আমি ভদ্র লোকের রাজনীতি করি, অশোভন রাজনীতি করি না।”

আনিসুলের পক্ষে দাঁড়িয়ে এরশাদ বলেন, “আমার দলের সবাই জাতীয় পার্টি করে, তারা অন্য কোনো দলের এজেন্ট নয়।”