ছিনতাইকারীর ছুরিতে অটোরিকশা চালক খুন
সাভারের আশুলিয়ায় চালকের বাধায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে তাকে ছুরি মেরে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় জিরাবো-বিশমাইল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বিনোদ আলীর (৪৫) বাড়ি ধামরাই থানার কেলিয়া গ্রামে।
এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে অটোরিকশায় করে দুই কসাই সাদ্দাম হোসেন ও ফজলুকে নিয়ে ধামরাই থেকে আশুলিয়ার আমবাগান এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন চালক বিনোদ আলী।
পথে সাড়ে ৬টার দিকে কুটুরিয়ায় একটি নির্জন স্থানে দেশীয় অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের থামায়। তারা অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভয় পেয়ে সাদ্দাম ও ফজলু পালিয়ে যান।
কিন্তু চালক তাদের বাধা দিলে একপর্যায়ে তারা বিনোদকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় রাস্তায় অন্য যানবাহন আসতে দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে পথচারীরা বিনোদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই শহিদুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি থানায় আনা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
