লালমনিরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৪
কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে ডাকা হরতালের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাত ১১টা পর্যন্ত উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন ইউএনও রফিকুল ইসলাম।
পাটগ্রাম থানার এএসআই আশরাফুল আলম জানিয়েছেন, রোববার সকাল ৭টার দিকে শরেয়ার বাজারে সংঘর্ষের শুরু হয়।
নিহতদের মধ্যে দুইজন শিবির, একজন জামায়াত ও একজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন।
এএসআই আশরাফুল জানান, শরেয়ার বাজারে একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা। এতে বাধা দিলে পুলিশের দিকেও তারা ককটেল ছোড়ে।
পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের কর্মী আব্দুর রহিম (২৪) ঘটনাস্থলেই নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আর পাটগ্রাম হাসপাতালে নেয়ার পর সংগঠনের উপজেলা সভাপতি মমিনুর রহমানের (২৫) মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. প্রণব কুমার দাস বলেন, “একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার গায়ে কোনো চিহ্ন ছিল না। আর মমিনুর রহমান মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়।”
এরপর দুপুর ১টার দিকে মিন্টু মিয়া নামে আরেকজনের লাশ হাসপাতালে নেয়া হয় বলে প্রণব জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু জানান, মিন্টু তাদের কর্মী।
সংঘর্ষে আহত আরো দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাজু নামে আরেক জামায়তকর্মীর মৃত্যু হয়।
মেডিকেল সংলগ্ন ধাপ পুলিশ ফাঁড়ির এস আই গোলাম কিবরিয়া বলেন, “সাজু ও হারু নামের দুজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সকাল ১১টার দিকে সাজু মারা যায়।”
সাজু একজন জামায়াতকর্মী বলে দলের পাটগ্রাম উপজেলা শাখার আমির আবুল কালাম আজাদ জানান।
এদিকে বেলা ১১টার দিকে উপজেলার শরেয়ার বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক কাদের এলাহী লাভলু, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি চালক মনির হোসেনের বাড়িতে এবং পাশের রেললাইনে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা।
পরে পাটগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময় পাটগ্রাম মির্জারকোটে গাছ ফেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধের চেষ্টা হয় বলেও জানান ওসি।
সোহরাব হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে দুপর পর্যন্ত ৪৭ রাউন্ড রাবার বুলেট, ৩০ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ারসেল ছুড়তে হয়েছে তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাত ১১টা পর্যন্ত উপজেলায় সব ধরনের মিছিল. সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
