নওগাঁয় ভুয়া ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মামলা
নওগাঁর রানীনগর উপজেলায় এক ভুয়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেতগাড়ি বাজারে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামের ক্লিনিকটিতে মৃত নাইসমিন আক্তার (সুমি) রানীনগরের আতাইকুলা গ্রামের প্রবাসী জামেদ আলীর স্ত্রী।
ঘটনার পর ক্লিনিক ছেড়ে পালিয়েছে কথিত ডাক্তার, কর্মচারী ও কর্মকর্তারা।
পরে ওই প্রসূতির স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকটিতে তালা দেয়।
রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, লাইসেন্সবিহীন ওই ক্লিনিক থেকে শুক্রবার দুপুরে সুমির লাশ উদ্ধার করা হয়েছে। রাতে সুমির বাবা বাবুল মোল্লা বাদী হয়ে ৭জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
বাবলু মোল্লা বলেন, সুমিকে সিজারিয়ান অপারেশনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাজশাহীর ডাক্তার অপারেশন করবে বলে ভর্তি করা হলেও ওই ক্লিনিকের মালিক ও ওষুধ বিক্রেতা কথিত ডাক্তার আব্দুল বারিক নিজেই অপারেশন করেন।
“ফলে অপারেশন টেবিলেই সুমি মারা যায়। ওই অবস্থায় লাশ ফেলে ক্লিনিকের মালিক, কথিত ডাক্তার ও নার্স পালিয়ে যায়।”
নওগাঁর সিভিল সার্জন আলাউদ্দিন বলেন, ওই ক্লিনিকের কোনো অনুমোদন নেই। ইতোমধ্যে অবৈধ ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধের প্রযোজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, তার জানা মতে আব্দুল বারিক ডাক্তার নন। ওই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য আব্দুল বারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
