২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের দ্রুত বাস্তবায়ন চায় ফরিদপুরবাসী

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকর দাবি জানিয়েছে তার জেলার মুক্তিযোদ্ধা, রাজনীতিকসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামায়াতের এই নেতার ফাঁসির রিভিউ আবেদন খারিজ করে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

১৯৪৮ সালের ২ ডিসেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার জন্ম হয়। ’৭১-এর নৃশংসতার জন্য যিনি কসাই কাদের নামে পরিচিত হয়ে ওঠেন।

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ফকির বলেন, “একটু বিলম্ব হলেও সব আইনি প্রক্রিয়া শেষ করে প্রমাণ হল বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিতে পারে।

“এখন ফাঁসি কার্যকর করা হলেই দেশের মানুষের মতো সদরপুরবাসীও খুশি হবে।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, “কাউকে খুন করে পার পাওয়া যায় না; আজকে তাই প্রমাণ হলো।”

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পথে যারা নানা কৌশলে প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র করেছিল। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো তারা আরো একবার পরাজিত হল।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ বলেন, কোনো ষড়যন্ত্রই সত্যকে রুখতে পারে না।

এদিকে, কাদের মোল্লার ছোট ভাই ও ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মাঈনুদ্দিন আহম্মেদ বলেন, “আল্লাহ দেখছেন বিচার সঠিক হয়েছে কিনা।

“এছাড়া আমাদের আর কিছু বলার নাই।”

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হলেও গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ তা পরিবর্তন করে ফাঁসির আদেশ দেয়।

এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সরকার গত মঙ্গলবার রাতে দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়। এ সময় আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন ওই রাতে এক আদেশে ফাঁসির প্রক্রিয়া স্থগিত করেন।

টানা দুইদিন ‘রিভিউ’ করা হবে কিনা শুনানির পর তা খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।