দিনাজপুরে জামায়াতি তাণ্ডব, আতঙ্ক
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ‘রিভিউ’ আবেদন খারিজ হওয়ার পর দিনাজপুরে নতুন করে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
চিচিরবন্দর উপজেলার চন্দেইদহ, বাঁশতলা, ও দশমাইল-রানীরবন্দর সড়কের বড় ব্রিজ এলাকায় রাস্তা কেটে ফেলে যোগযোগ কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
এই পরিস্থিতে গত কয়েক দিনে হামলা-ভাংচুর-লুটপাটের শিকার হওয়া ধর্মীয় সংখ্যালঘুসহ এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একজন জনপ্রতিনিধি।
ঘোড়াঘাট থানার ওসি ইমরুল কায়েস ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘোড়াঘাটের রানীগঞ্জ সড়কে প্রায় দুই কিলোমিটার জুড়ে গাছ কেটে ফেলা হয়েছে। ফলে সেখানে পুলিশ যেতে পারছে না।”
চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহা বলেন, “কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার সংবাদের পর দুপুর থেকে জামায়াত-শিবিরের লোকজন লাঠি-সোঠা নিয়ে রাস্তায় নেমে আসে।
“তারা সড়কের পাশের অসংখ্য গাছ কেটে রাস্তায় ফেলে এবং রাস্তা কেটে সড়ক যোগাযোগ বন্ধ বিচ্ছিন্ন করে দিয়েছে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুইদিন ধরে রাতে ভুষিরবন্দর, রানীরবন্দর, কাচিনিয়া এলাকায় আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের বেশ কিছু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট করা হয়।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন লোকজন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেখানে যায়নি বলেও তিনি জানান।
“এখন জামায়াত-শিবির নতুন করে তৎপর হয়ে ওঠায় সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা চরম আতঙ্কে রয়েছে।”
জামায়াত-শিবিরকর্মীরা ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কও কেটে ফেলেছে বলে জানান তিনি।
