রিভিউ খারিজের পর সীতাকুণ্ডে দুই গাড়িতে আগুন
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
কুমিরা ফায়ার স্টেশনের কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জলিলগেইট এলাকায় একটি মিছিল থেকে একটি ট্রাক ও একটি ট্রেইলারে ককটেল ছোড়া হয়।
এতে বাহন দুটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল বোমায় গাড়ি দুটিতে আগুন ধরে গেলে চালক ও সহকারীরা লাফিয়ে প্রাণে বাঁচেন।
এ সময় পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিরোধী দলের টানা অবরোধ-হরতালে গত কয়েক মাস ধরেই সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাঝে মধ্যেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে জামায়াতকর্মীরা। গত দুই মাসে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে চার শতাধিক যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
