লালমনিরহাট সীমান্তে গ্রেনেড উদ্ধার
লালমনিরহাট মোগলহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফলিমারী চর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের মোগলহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ জানান, ফলিমারী চর এলাকার শাহ আলম (৩০) নামের এক ব্যক্তি ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে একটি তাজা গ্রেনেড দেখতে পান।
খবর পেয়ে বিজিবি স্থানীয় মোগলহাট ক্যাম্পের একটি টহলদল পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা উপজেলার গীতালদাহ সীমান্তে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে ব্যাপক ধাওয়াপাল্টা ধাওয়া হয়।
এর এক পর্যায়ে চোরাকারবারীরা বিএসএফের অস্ত্রসহ একটি নৌকা ধরলা নদীতে উল্টে দেয়। নৌকাসহ অস্ত্র উদ্ধার করতে পারলেও বিএসএফ কাদানে গ্যাসের গ্রেনেড ও গুলি এখনো উদ্ধার করতে পারেনি।
স্থানীয়দের ধারণা উদ্ধার করা গ্রেনেডটিই খোয়া গিয়েছিল।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক সফিউল আলম প্রধান শফি গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেনেডটি বিজিবি ক্যাম্পেই থাকবে, সেনাবাহিনীর বিস্ফোরক দল এলেই ব্যবস্থা নেয়া হবে।
