মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার রাতে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলি এলাকায় এ ঘটনায় নিহত নাছির উদ্দিন বজাইয়া (৩৫) মৃত রাজা মিয়ার ছেলে।
হামলার সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ভাই জসীম উদ্দিন।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত নাছিরের সঙ্গে চাচাত ভাই জয়নাল আবদীনের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মামলাও হয়েছে।
“বুধবার রাত ৯টার দিকে জয়নাল ও তার কয়েক ভাই নাছিরের বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিলে জয়নাল গুলি করলে নাছির ঘটনাস্থলেই নিহত ও জসিম গুলিবিদ্ধ হন।”
পুলিশ নাছিরের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর জসিমকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
