২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ৫ জানুয়ারিই: ১৪ দল

বিএনপির সঙ্গে সংলাপ চললেও ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে এখনো অটল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 11:46 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠক হয়, যাতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও ছিলেন।

আওয়ামী লীগ নেতদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহাবুব-উল-আলম হানিফ।

বৈঠকের পর মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৫ জানুয়ারিই নির্বাচন হবে।”

একই কথা বলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হানিফও।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিপরীত অবস্থানের মধ্যেই জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় বিএনপির সঙ্গে সংলাপে বসে আওয়ামী লীগ।

মেনন ও হানিফ ৫ জানুয়ারির নির্বাচনের পক্ষে অটল থাকার কথা বললেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণভবনের সামনে সাংবাদিকদের বলেন, “সংলাপ অব্যাহত রাখবে আওয়ামী লীগ। বিরোধী দল সহিংসতার পথ পরিহার করলে যে কোনো সমঝোতা সম্ভব।”

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। জাতীয় পার্টিও নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে।

তবে জাতীয় পার্টির এই নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে ইঙ্গিত করে হানিফ বলেন, “যারা নির্বাচন প্রক্রিয়াতে অংশ নিয়েছে, তারা সকলেই থাকবেন।”