খালেদার সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন সরকারের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার রাতে ৮টায় গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে এই বৈঠক হয়।
ঘন্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বিশেষ দূত লু ঝাউহি।
পরে শমসের মবিন চৌধুরী বলেন, “দুই দেশের দ্বি-পক্ষীয় বিষয়া নিয়ে চীন সরকারের বিশেষদূত বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করেছেন। তারা (চীন) বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন দেখতে চায়।”
তারা মনে করে, বাংলাদেশের জনগণ তাদের সমস্যা নিজেরাই সমাধান করবে।
বিশেষ দূত লু ঝাউহি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নে সংলাপ, সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বিষয়।
“আমি বাংলাদেশে এসেছি, মূলত এখানকার অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে জানতে। এ বিষয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে আমার আলোচনা হয়েছে।”
বৈঠকে শমসের মবিন ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
