ছনক্ষেতে আ. লীগ নেতার হাত-পা বাঁধা দগ্ধ লাশ
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের এক নেতার পুড়ে যাওয়া লাশ পাওয়া গেছে, তার হাত-পা-মুখ ছিল বাঁধা।
নিহত আতিকুল্লাহ চৌধুরী (৫৮) কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।
আতিকুল্লাহ মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় দোলশ্বর ও আইনতা গ্রামের মাঝে একটি ছনক্ষেত আতিকুল্লাহর লাশ পাওয়া যায়।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের দেহে আগুন পোড়ানো ছিল। হাত-পা ও মুখ বাঁধা ছিল।
ওসির ধারণা, হত্যার পর আতিকুল্লাহকে পোড়ানো হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে একটি ফোন পেয়ে হাসনাবাদেরে একটি বাসা থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন আতিকুল্লাহ। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।
স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়। এরপর আতিকুল্লাহর ছেলে গিয়ে লাশ সনাক্ত করে।
ওসি বলেন, “শরীর পুড়ে যাওয়ার কারণে প্রথমে আতিকুল্লাহকে কেউ সনাক্ত করতে পারেননি। পরে তার ছেলে মো. ফারুক এসে তার বাবার লাশ সনাক্ত করেন।”
কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের সভাপতি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতিকুল্লাহ ইটের ব্যবসা করতেন। তার বাড়ি বাক্তারচরে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে ওসি জানান।
এই বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নসরুল বলেন, কেরানীগঞ্জ এলাকা এখন শান্ত রয়েছে, কোনো ধরনের সহিংসতা নেই।
“আপাতত আগেভাগে কিছু ভাবতে পারছি না। বিষয়টি ভালোভাবে পরর্যবেক্ষণ করতে হবে।”
