২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে জেলায় জেলায় সংঘর্ষ

দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:30 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

মঙ্গলবার গভীর রাতে ও বুধবার নাটোর, শেরপুর, কুমিল্লা, গাইবান্ধা, কক্সবাজার, বাগেরহাট ও ঢাকার সাভারে এসব সংঘর্ষ হয় বলে প্রতিনিধিরা খবর পাঠিয়েছেন।

নাটোর: দুপুরে জেলার লালপুরে আওয়ামী লীগ ও শিবিরের সংঘর্ষ হয়।

এ ঘটনায় একে অপরকে দায়ী করেছে।

লালপুর উপজেলা জামায়াতের নেতা আবুল কালাম আজাদ জানান, মিছিলে যাওয়ার সময় বিলমাড়িয়া বাজারে আওয়ামী লীগ কর্মীদের হামলায় তাদের আট কর্মী আহত হয়।

তবে বিলমাড়িয়ার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জানান, জামায়াত হামলা চালিয়ে তাদের কার্যালয় ভাংচুর করেছে। এ সময় তাদের দুই নেতা-কর্মী আহত হন।

লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভার: রাজধানীর অদূরে সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমাসহ শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে সাভার বাজার রোডের একটি বাসা থেকে ৮টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জামা, বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা।

আটকরা হলেন ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে নুর মোহাম্মদ (২৫), সাভার বাজার রোডের ফজলুল হকের ছেলে মো. ইব্রাহিম (২২) ও ব্যাংক কলোনি এলাকার দুদু সরকারের ছেলে মো. মাসুদ (২৪)।

এএসপি মশিউদ্দৌলা জানান, মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসি দেয়ার ঘোষণার পর বাজার বাসস্ট্যান্ডে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর সময় নূর মোহাম্মদ নামে এক শিবির কর্মীকে হাতেনাতে আটক করা হয়।

তার স্বীকারোক্তির পর রাত ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম ও মাসুদকে আটক করা হয়।

এ সময় বাসা থেকে হাতবোমা, ৪০০ গ্রাম গান পাউডার, সাত বস্তা জিহাদি বই ও বিপুল পরিমাণ ইসলামিক সিডি উদ্ধার করা হয়েছে।

আটক শিবির কর্মীরা ওই বাড়িতে বসে হাত বোমা তৈরি করতো বলে জানান তিনি।

শেরপুর: বিকালে শহরের গৌরিপুর এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

শেরপুর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, মেসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, শিবিরের আয়-ব্যয়ের রেজিস্ট্রার ও শিবির কর্মীদের তালিকা জব্দ করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে পেট্রোল ভর্তি প্লাস্টিকের আটটি বোতল এবং ১৬টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

জামায়াত-শিবিরের ডাকা হরতালে নাশকতার প্রস্তুতির সময় বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর এলাকা থেকে এলাকাবাসী তাদেরকে আটক করে বলে জানান দেবিদ্বার থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চক্রবর্তী আটক ১১ জনসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৬০ জনকে অভিযুক্ত করে সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন বলে জানান ওসি।

কক্সবাজার: কক্সবাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বাজারঘাটা, বার্মিজ মার্কেট, টেকপাড়া ও কালুরদোকান এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

কক্সবাজার অতিরিক্ত পুলশ সুপার তোফায়লে আহমদ জানিয়েছেন, এ ঘটনায় কক্সবাজার সদর থানার এসআই নুরুজ্জামান ও এক কনস্টেবলসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বুধবার বিকাল পাঁচটার দিকের এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, জামায়াতে ইসলামীর একটি মিছিল ফয়লা বাজার থেকে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মিছিল থেকে পুলিশ সদস্যদের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছেন তিনি।

পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরণের কোন তথ্য নেই।’

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. উৎপল দেবনাথ জানান, সিরাজুল ইসলাম হাওলাদার ও মুজাহিদ নামে দুই ব্যক্তিকে সন্ধ্যায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে পিঠে গুলিবিদ্ধ মুজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।