রাজশাহীতে ২টি ব্যাংকে অগ্নিসংযোগ
রাজশাহীতে দুটি ব্যাংক ও একটি ভবনে পেট্রোলবোমা মেরে আগুন দিয়েছে ছাত্রশিবির।
বুধবার রাত ৮টায় নগরীর নিউ মার্কেটের এ ঘটনায় ডাচ্ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় একটি মোটরসাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।
এছাড়াও আরো অন্তত ১০টি ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করেছে বলে জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর করার চেষ্টার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে এ তাণ্ডব চালায়।
তিনি বলেন, “মিছিল বের করে রাস্তার দুই পাশের ভবনে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রশিবির।
“এ সময় নগরীর অলোকার মোড়ে ডাচ্ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক এবং চেম্বার ভবনে হামলা চালিয়ে ভাংচুর ও পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ করে।”
পরে পুলিশ ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
