২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসকের ‘কাণ্ড’

সনদ ছাড়াই এমবিবিএস চিকিৎসক সেজে কথিত চিকিৎসা দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত এক ব্যক্তিকে ফের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

জামিনে বেরিয়ে ওই ভুয়া চিকিৎসক আবারো আগের মতোই প্রতারণা শুরু করেছিলেন।

বুধবার দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন নতুনবাজার এলাকার সাহা ফার্মেসি থেকে রাম জীবন সাহা (৪১) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

রাম জীবন রাজবাড়ি জেলার খানগঞ্জ গ্রামের মৃত রবীন্দ্রনাথ সাহার ছেলে। বর্তমানে তিনি নগরীর পাহাড়তলি থানাধীন নতুনবাজার এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ২১ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালত ভুয়া ডাক্তার রাম জীবনকে দুই বছরের কারাদণ্ড দেয়।

“গত ৩ ডিসেম্বর জামিনে বেরিয়ে আবার অবৈধভাবে রোগী দেখা শুরু করে রাম জীবন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

রাম জীবনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বলেন, রাম জীবন ১৯৯১ সালে রাজবাড়ি সরকারি কলেজ থেকে বিএ পাস করেন।

এরপর চট্টগ্রামে এসে লবণ ব্যবসায় যুক্ত হয়। পাশাপাশি তার ভাইয়ের মালিকানাধীন একটি ওষুধের দোকানে যাওয়া আসার সুবাদে ওষুধ সম্পর্কে কিছু ধারণা পেয়ে যান।

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বলেন, নিজেকে এমবিবিএস পাস দাবি করলেও রাম জীবনের কোনো সনদ নেই। রোগী দেখার জন্য কোনো বৈধ অনুমোদনও নেই তার।