কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ল যুবক
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ফজলে রাব্বি খান সামি (২৩) বেসরকারি টেলিফোন সংস্থা বাংলালিংকের আইপি বিভাগে কাজ করতেন।
কল্যাণপুর ১ নম্বর রোডের ১২/২ নম্বর বাড়িতে বাবা আব্দুস সাত্তার খানের সঙ্গে থাকতেন তিনি।
বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মমিনুর রহমান ঢামেকে সাংবাদিকদের জানান, বিকালে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে মহাখালী রেল লাইন ধরে হাঁটছিলেন সামি।
এসময় একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন মমিনুরসহ কয়েকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন।
বাবা আব্দুস সাত্তার বিকেল সাড়ে ৫টায় সামির মৃতদেহ সনাক্ত করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
