২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের আইনজীবী ট্রাইব্যুনালে ‘নিষিদ্ধ’

টানা অনুপস্থিতির কারণে জামায়াত ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের প্রধান আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে ‘নিষিদ্ধ’ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বিরোধী দলের অবরোধ-হরতালের মধ্যে টানা ১৪ কার্যদিবস আদালতে না আসায় এবং শুনানিতে অংশ না নেয়ায় বুধবার তাকে ওই আদালতে যেতে বারণ কর দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

এই আদেশের সময়ও সৈয়দ মিজানুর আদালতে ছিলেন না।

তার অনুপিস্থিতির কারণে এ মামলায় প্রসিকিউশনের সপ্তদশ সাক্ষী তৈয়ব আলী খাঁ ওরফে ছেতু খাঁর জেরা বন্ধ করে দেয় ট্রাইব্যুনাল।

ইতোপূর্বে এ মামলায় প্রসিকিউশনের ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬তম সাক্ষীর জেরাও একই কারণে বন্ধ হয়ে যায়।

সহযোগী আইনজীবী গাজী তামিম জানান, মিজানুর সর্বশেষ গত ২৬ নভেম্বর আদালতে আসেন।

“হরতাল অবরোধে রাজধানীর সহিংস পরিবেশের মধ্যে তিনি আদালতে আসতে পারছিলেন না। মঙ্গলবার আদালতে তাকে হাজির হতে আল্টিমেটাম দেন। না এলে ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

“আজও উনি আদালতে না আসায় ট্রাইব্যুনালে তার উপস্থিতি অবৈধ ঘোষণা করা হয়েছে।”

এই আদেশ দেয়ার সময় বিচারক আদালতকক্ষে উপস্থিত একেএম ইউসুফকে তার ‘অনুপস্থিত আইনজীবীকে’ বদলাতে বলেন। তবে ইউসুফ জানান, মিজানুর ছাড়া অন্য কাউকে দিয়ে তিনি মামলা চালাতে পারবেন না।

এর আগে মিজানুরের অনুপস্থিতিতে গাজী তামিম তার পক্ষে সময়ের আবেদন করে এসেছেন। বুধবারও তিনি তার সিনিয়র আইনজীবীকে রোববার পর্যন্ত সময় দিতে বলেন।

এই মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদ ইমাম বলেন, “শুনানিতে ধারাবাহিকভাবে হাজির না হওয়ায় মিজানুর রহমানকে ট্রাইব্যুনাল-২ এর বিচারিক কাজে অংশগ্রহণ না করার আদেশ দিয়েছেন আদালত। ফলে এ আদালতে ভবিষ্যতে কোনো ধরণের বিচারিক কাজে অংশ নিতে পারবেন না তিনি।”

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যান্য মামলার শুনানি চলাকালে বিরোধী দলের হরতালের দিনগুলোতে শুনানিতে অনুপস্থিত থেকেছেন তাদের প্রধান আইনজীবীরা।

হরতালের অজুহাতে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা অনুপস্থিত থাকায় বার বার শুনানি পিছিয়ে দিতে বাধ্য হন ট্রাইব্যুনালের বিচারকরা। বিষয়টি নিয়ে বিচারক বেশ কয়েকবার সতর্ক করলেও আসামিপক্ষের আইনজীবীরা তাতে কান দেননি। এ নিয়ে বিচারকদের বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়।

তবে কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি করতে বুধবার এই আইনজীবীদের প্রায় সবাই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন।