২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিনের মাথায় কারা মহাপরিদর্শক বদল

একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়ার মাত্র পাঁচ দিনের মাথায় কারাগারের মহাপরিদর্শক পদে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 07:13 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

সরকারের শীর্ষ কারা কর্মকর্তা হিসাবে এবার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইকবাল সোহবান সিকদার বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনা বাহিনীর কর্মকর্তা ইফতেখার উদ্দিনকে মঙ্গলবার প্রেষণে কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসাবে প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন ইফতেখার উদ্দিন।

গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা ও মাদক) মাঈন উদ্দিন খন্দকারকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছিল।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বুধবার সন্ধ্যায় মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমিও শুনেছি। আমাকে কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল।”

অবশ্য রোববার কারা অধিদপ্তরে গিয়ে দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কারাগারকে ‘কল্যাণমূলক’ এবং ‘গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠানে’ পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন।

জনপ্রশাসন সচিব বলেন, যেহেতু মাঈন উদ্দিনকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল, তাই তিনি আগের পদেই বহাল থাকছেন।

আগের কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৭ নভেম্বর শেষ হলে পদটি ‍শূন্য হয়।