সিলেট, ফেনী, নোয়াখালী ও গাইবান্ধায় বৃহস্পতিবার হরতাল
সিলেট, ফেনী, নোয়াখালী ও গাইবান্ধায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
বুধবার জেলা তিনটিতে এ হরতালের ডাক দিয়েছে শিবির ও ছাত্রদল।
সিলেটের দর্শনদেউড়ী এলাকায় শিবিরের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু।
মঙ্গলবার সকালে দর্শনদেউড়ির একটি বাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের বিপুল পরিমাণ প্রচারপত্র, আয়-ব্যয়ের হিসাব, বই ও অর্থদাতার তালিকা জব্দ করা হয়।
ফেনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের কর্মী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালে ডাকা হয়েছে বলে শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নেয়ামত উল্লাহ শাকের জানান।
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতির খবর প্রকাশের পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়ত-শিবির কর্মীরা।
এক পর্যায় শহরের শান্তি কোম্পানি এলাকায় সড়ক থেকে গাছের গুঁড়ি সরাতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে শিবির কর্মীরা। এতে পুলিশের গাড়িতে আগুন ধরে যায়।
এ সময় গাড়ি থেকে নেমে গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে শিবির কর্মী সালমান ঘটনাস্থলে নিহত হন।
এদিকে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান।
গাইবান্ধার দারিয়াপুরে বিএনপি নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার পৌর এলাকাসহ সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আযম ডলার।
