সলিমুল্লাহ মেডিকেল বন্ধ ঘোষণা
শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ ও ভাংচুরের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
কলেজের অধ্যক্ষ দীলিপ চন্দ্র ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে বলেও জানান তিনি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রী ও দুটি ছাত্র হল রয়েছে।
সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রক্ত পরীক্ষাগারের এক কর্মচারীর বিবাদের সূত্র ধরে মঙ্গলবার সকালে কলেজের ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদের হামলায় আহত হন বাবুর্চি ফজলুল হক টিকিটম্যান টিটো, আউয়াল, খোরশেদ ও বাদল।
এ ঘটনার পর মঙ্গলবার হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ ছিল। রোগীরা দুপুরের খাবার বিকালে পেলেও রাতে খাবার পাননি। হাসপাতালের আগের দিনের এ চিত্র বুধবারও দেখা গেছে।
