২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির অপেক্ষায় শাহবাগে জাগরণের অবস্থান

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি রায় বাস্তবায়নের ঘোষণা আসার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা।

এ সময় তাদের মুখে স্লোগান শোনা যায়, ‘দড়ি ধরে মার টান/কাদের যাবে পাকিস্তান’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা’, ‘তুমি কে আমি কে/ আদিবাসী বাঙালি’, ‘জয় বাংলা’র মতো নানা স্লোগান।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় বাস্তবায়নের ঘোষণা শোনার পর থেকেই আমরা শাহবাগে অবস্থান নিয়ে আছি। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।”

এই রায় কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করে তিনি বলেন, “জাতি কলঙ্ক থেকে মুক্ত হবে।”

রাতে কোন কর্মসূচি আছে কি না জানতে চাইলে ইমরান বলেন, “আমরা কোন কর্মসূচি ঠিক করিনি। এখানে সর্বস্তরের জনগণ আসছেন। আমরা এখানে অবস্থান করবো আর জনগণ যে কর্মসূচি দেবে আমরা তাই পালন করবো।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের ২৮ মে বিচার শুরু করে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সাজার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গণজাগরণ আন্দোলনের সূচনাও হয় ওই দিনই, ফাঁসির দাবিতে। বিকালের এই জমায়েতই পরে লাখো মানুষের সমাবেশে পরিণত হয়।

সেদিন আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় জামায়াত নেতার দেখানো ‘ভি’ বা বিজয় চিহ্ন খবরে প্রকাশিত হওয়ার পর রাজধানীর তরুণরা বিক্ষোভ প্রদর্শন করতে শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিরল এক ইতিহাসের সৃষ্টি করে।

দেশ-বিদেশে ‘বাংলা বসন্ত’ নামে পরিচিতি পাওয়া সর্বস্তরের মানুষের অভূতপূর্ব এই অহিংস সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি ওঠে।

তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে প্রসিকিউশন ও আসামি উভয় পক্ষের আপিলের সমান সুযোগ তৈরি করা হয়।

আগের আইনে শুধু আসামির খালাসের ক্ষেত্রেই প্রসিকিউশন আপিল করতে পারত।

আইন সংশোধনের পর প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে। সাজা থেকে অব্যাহতি চেয়ে আপিল করেন কাদের মোল্লা।

পুরনো খবর:

ঝুলে গেল কাদের মোল্লার ফাঁসি