মিটফোর্ডের ঘটনা তদন্তে কমিটি
শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
কলেজের উপাধ্যক্ষ এ জেড এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক শরিফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের দুই কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
তার এ ঘোষণার পর হাসপাতালে কর্মচারীদের মধ্যে কেউ কেউ কাজে যোগ দিলেও চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি।
হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন দাস বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। এ সময় কলেজেও সব ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।
হাসপাতালে ভর্তি এক রোগীর রক্ত পরীক্ষার প্রতিবেদন নিয়ে সোমবার গভীর রাতে দুই শিক্ষানবিশ চিকিৎসককে চতুর্থ শ্রেণির কর্মচারীরা লাঞ্ছিত করেন।
এ ঘটনার জের ধরে সকালে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজ ছাত্রদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়। বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য কার্যক্রম।
ওই বৈঠকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে চিকিৎসকরা কাজ বন্ধ রাখায় বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন হরতাল-অবরোধের মধ্যে হাসপাতালে আসা রোগীরা।
