সংঘাতের বন্ধের দাবিতে কর্মসূচি চট্টগ্রামে
চলমান রাজনৈতিক সংঘাত বন্ধের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে।
‘সংঘাত নয় জনগণের নিরাপত্তা চাই’ স্লোগানে সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এই সমাবেশ করে ‘সংঘাত বিরোধী ছাত্র-জনতা’।
সমাবেশে বক্তারা বলেন, হরতাল-অবরোধের কারণে বারবার পরীক্ষা সূচি পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোমলমতি শিশুদের শিক্ষাজীবন ধ্বংসকারী কর্মসূচি কোনো রাজনৈতিক কল্যাণ বয়ে আনতে পারে না।
টানা অবরোধের কারণে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায়ও উদ্বেগ প্রকাশ করেন তারা।
অবরোধ-হরতালে নাশকতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের গ্রেপ্তারে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনাও করেন বক্তারা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদ টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রামের সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শিক্ষক নেতা অধ্যাপক আহসানুল করিম চৌধুরী, মো. আবু তাহের চৌধুরী।
সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আহসান হাবীব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি আল কাদেরী জয় ও উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রসূন চৌধুরীও সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
