বান্দরবানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ
ইটভাটায় কাঠ পোড়ানোর ছবি ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
রোববার দুপুরে সদর উপজেলার গুংগুরু খিয়াং পাড়া এলাকায় একটি জাতীয় দৈনিকের ফটো সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা ও বেসরকারি টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন।
ইটভাটার মালিকের নির্দেশে শ্রমিক নেতা তাজু মাঝির নেতৃত্বে এ হামলা হয় বলে সাংবাদিকদের দাবি।
সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা জানান, ইটভাটায় ছবি তুলতে গেলে ভাটার মালিক মোহাম্মদ ইসলাম কোম্পানির সামনে তার ইশারায় শ্রমিক মাঝি তাজুর নেতৃত্বে হামলা চালানো হয়।
“এ সময় আমার মোবাইল ফোন কেড়ে নেয় তারা। শ্রমিকরা আমাকে ইটভাটার চুল্লিতে ফেলে দিয়ে হত্যার হুমকিও দেয়,” বলেন তিনি।
বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমার উপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইটভাটার মালিক মোহাম্মদ ইসলাম কোম্পানি বলেন, শ্রমিকরা না জেনে হামলা চালিয়েছে। অনাকাঙিক্ষত এই হামলা দুঃখজনক।
