সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপনে আইন
সামুদ্রিক সম্পদ আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গবেষণা ইনস্টিটিউট স্থাপনে আইনের অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, বৈঠকে ‘ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মোশাররাফ হোসাইন বলেন, “একজন মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানকে দিক-নির্দেশনা দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি বোর্ড থাকবে। এ বোর্ডে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা থাকবেন।”
কক্সবাজারের রামুতে একই নামের প্রকল্পের কাজ চলছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, গবেষণার পাশাপাশি এ খাতে সরকারি নীতিমালা তৈরিতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।”
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পযর্ন্ত সময়ের মধ্যে জারিকৃত ‘কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) আইন, ২০১৩’ এর তফসিলভুক্ত অধ্যাদেশগুলো নতুন করে আইন আকারে প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রিসভার নির্দেশ অনুযায়ী উল্লেখিত মেয়াদে অর্থবিভাগের অধীনে প্রণীত নির্দিষ্ট করা অধ্যাদেশগুলোর তালিকা সোমবারের বৈঠকে জানানো হয়।
ওই সময়ে মোট ১১টি অধ্যাদেশ করা হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
