২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনী নির্বাচন অফিস ও আ. লীগ কার্যালয়ে হামলা

বিরোধী দলের অবরোধের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিস ও আওয়ামী লীগ কার্যালয় বোমা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল জানান, রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-২ আসনের সাংসদ ও বিএনপি নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশ বিএনপিকর্মী সকাল সাড়ে ৭টার দিকে গাংনীতে জড়ো হয়।

তারা র‌্যাব, পুলিশ ও বিজিবির ব্যারিকেড ভেঙ্গে গাংনী উপজেলা শহরের ১০টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।

পরে সকাল ৯টার দিকে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অবরোধকারীরা ৩০/৩৫ টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এক পর্যায়ে তারা উপজেলা নির্বাচন অফিস, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতা মুজিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা ও ভাংচুর চালায় বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, বোমা বিস্ফোরণে কার্যালয়ের জানালা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় অফিস বন্ধ থাকায় ভেতরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি সাংসদ হোসেন আমজাদ বলেন, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন কে বা কারা হামলা ও ভাংচুর করেছে তা তিনি জানেন না।