পল্লবীতে ছাত্রদলকর্মীকে ৬ মাসের সাজা
রাজধানীর পল্লবীতে হাতবোমাসহ গ্রেপ্তারের পর এক ছাত্রদলকর্মীকে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পল্লবী থানার ওসি মো. জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল পৌনে ৮টার দিকে পল্লবীর কালসি এলাকায় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়।
এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে মো. ফরিদ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছে ছয়টি ককটেল পাওয়া যায় বলে ওসি জানান।
ফাইল ছবি
এদিকে সোমবার সকাল ১০টার দিকে তাঁতীবাজার মোড়ে পাঁচটি ও ১১টার দিকে বংশাল মোড়ে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ দুই ঘটনায় কেউ হতাহত হননি বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানিয়েছেন।
তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ নিয়ে সারা দেশে তৃতীয় দফায় রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করছে বিরোধী দল। ৭২ ঘণ্টার এই অবরোধ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলার কথা।
