২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচালক মেহেদী হাসান ফরিদপুরে সমাহিত

অবরোধের আগুনে নিহত ট্রাকচালক মেহেদী হাসানকে শুক্রবার রাতে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া কবরস্থানে দাফন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

এর আগে রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে তার মরদেহ শহরের বায়তুল আমান রেলসড়ক এলাকার বাড়িতে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেল স্টেশন জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা হয়।

মেহেদী হাসান (২৮) ফরিদপুর সদরের তারা মিয়ার ছেলে। গত ৩০ নভেম্বর রাতে ফরিদপুর শহরে অবরোধকারীদের পেট্রোলবোমায় দগ্ধ হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত মেহেদীর ছোটভাই মন্টু মিয়া বলেন, পুলিশ এ পর্যন্ত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

মামলার অন্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া মেহেদীর শিশু সন্তানদের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তাও কামনা করেন তিনি।

মেহেদীর বাবা তারা মিয়া বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ প্রধান আসামী জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক সৈয়দ আদনান হোসেন অনু এবং জড়িত সন্দেহে শাহজাহানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেন ছোটন জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।